বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী ‘নয়াদিল্লির’ দৃশ্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একটি দেশকে এভাবে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছে দেশটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে দেখানোর চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।’’

মিথ্যা তথ্য বা গল্প সাজানোর এই অপচেষ্টা ভ্লগার ও এর নেপথ্যে থাকা ব্যক্তিদের নিজেদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয় উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এই খবরের ওপর ভিত্তি করে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।’’

সম্প্রতি একটি প্রথম সারির জাতীয় দৈনিকে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, প্রায় দেড় শ চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র ও বস্তি এলাকার ভিডিও চিত্র ধারণ করে সেগুলোকে নয়াদিল্লি দাবি করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লাইভ প্রচার করছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চীনা ভ্লগাররা ঢাকার উত্তরা ও টেকপাড়ার মতো এলাকাগুলোকে নয়াদিল্লি হিসেবে তুলে ধরে সেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা নিয়ে নানা কটূক্তি ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিলেন। যেমন—মিয়ানমিয়ান নামের এক চীনা নারী গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে লাইভ করার সময় জায়গাটিকে নয়াদিল্লি দাবি করে এর পরিবেশ ও ঘরবাড়ি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। একইভাবে ওয়াং ওয়েই নামের আরেক ভ্লগার টেকপাড়ায় স্থানীয় চা বিক্রেতাদের ভিডিও ধারণ করে তা নিয়ে অত্যন্ত মানহানিকর ও ভিত্তিহীন মন্তব্য করেন।

উইচ্যাট ও ডাউয়িনের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এসব ভিডিওতে অনুমতি ছাড়াই সাধারণ মানুষের ব্যক্তিগত ঘরে ঢুকে ভিডিও ধারণ করায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। স্থানীয়দের কেউ কেউ অল্প কিছু টাকার বিনিময়ে এসব চীনা নাগরিকদের সহযোগিতা করেছেন বলেও প্রতিবেদনে উঠে আসে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উত্তরায় বিদেশি নাগরিকদের এ ধরনের রহস্যজনক ভিডিও ধারণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।