আশরাফুল আলম যশোরের চৌগাছায় বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিবের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় সড়ক পরিবহন আইন-২০১৮, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ এবং দণ্ডবিধি-১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধের দায়ে ছয়জনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে নিয়ামতপুর গ্রামের আলাউদ্দীনের ছেলে আব্দুর রহমানকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৫০০ টাকা, সিরাজুল ইসলাম শিরুর ছেলে আবু বক্কর সিদ্দিককে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ অনুযায়ী ৫০০ টাকা, মৃত মোহাম্মদ মহাসিন আলীর ছেলে সজীব শাহরিয়ারকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ৫০০ টাকা, আব্দুর রাজ্জাকের ছেলে সোলাইমান হোসেনকে একই আইনে ৩০০ টাকা এবং আব্দুর রশিদের ছেলে সবুজ শেখকে দণ্ডবিধি-১৮৬০-এর ১৮৭ ধারা লঙ্ঘনের দায়ে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া অপর একজনকে দণ্ডিত করা হলেও তাঁর নাম ও অপরাধের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।