দেশের সমসাময়িক পরিস্থিতি, গঙ্গা পানি চুক্তি নবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন প্রক্রিয়ার সমালোচনা এবং জুলাই গণহত্যার বিচারে সরকারের গাফিলতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে আয়োজিত এক বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ বিরোধী দলের অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফর ও মাতাবাড়ী প্রকল্পের সার্বিক চুক্তি জনগণের সামনে স্বচ্ছতার সঙ্গে প্রকাশের দাবি তোলেন বিরোধী দলীয় নেতারা।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “মাতারবাড়ী প্রকল্পে কী ঘটছে, তা নিয়ে জাতির মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। চুক্তির আড়ালে তৃতীয় কোনো দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশের প্রত্যক্ষ মদদে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টি এবং তৈরি পোশাকশিল্প ধ্বংসের চক্রান্ত চলছে।” তিনি অভিযোগ করেন, সরকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সোচ্চার থাকবে বলে জানান তিনি।

বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপকর্ম ঠেকাতে সরকারের চরম দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এই সুযোগে একটি গোষ্ঠী সারাদেশে গুপ্ত হামলা চালিয়ে অরাজকতা সৃষ্টির পাঁতারা করছে।” এসব অপতৎপরতা রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।