পতিত ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং বর্তমান সরকার জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের রাজনীতি প্রতিরোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দলটির ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় নেতারা এ কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ছাত্রলীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ অনাকাঙ্ক্ষিত ও সহিংস ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অভ্যন্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ক্যাম্পাসকেও সরকার পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তারা।

ডিএসসিসির মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, সরকার জুলাই সনদের কাঙ্ক্ষিত বাস্তবায়ন না করে প্রকারান্তরে ফ্যাসিবাদকে পুনর্বাসিত হওয়ার ও প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে।

সভায় নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থানকে সরকার যেভাবে মোকাবিলা করছে, তাতে প্রকৃত জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে তারা চরম শঙ্কার মধ্যে রয়েছেন। এই ধরনের ঢিমেতা বা ‘কুসুম কুসুম’ প্রতিরোধের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ আবদুর রাজ্জাক, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আবদুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, হাফেজ সালাহউদ্দিন, বেলাল হোসেন আরিফ, টি এম মাহফুজ, নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক নেছার উদ্দিন, ছাত্রী ও মহিলাবিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।