দুর্নীতি ও অসদাচরণের দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরের সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক চট্টগ্রাম সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার (বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মরত) মো. রায়হান হাবিবের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর বিধি ১২ (১) এবং ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৩৯ (১) অনুযায়ী আনীত অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও মামলার নিষ্পত্তির স্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এতে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।