ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পিছন দিক থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি নিষ্ক্রিয় করে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে হলের পেছনের অংশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ককটেলটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার বাবুপুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনে একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে অত্যন্ত সতর্কতার সঙ্গে ককটেলটি উদ্ধার করে এবং তা নিষ্ক্রিয় করে। ককটেলটি কোথা থেকে এলো বা কারা এটি ফেলে গেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।