ফ্রান্সে ন্যূনতম মজুরি ১ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন এই বেতনকাঠামো কার্যকর হবে। এর ফলে সপ্তাহে ৩৫ ঘণ্টা কর্মরত একজন পূর্ণকালীন কর্মীর মাসিক নেট বেতন বেড়ে প্রায় ১ হাজার ৫০২ ইউরো হবে।
গত ৯ নভেম্বর (সোমবার) প্যারিসে সরকার, শ্রমিক সংগঠন এবং নিয়োগকর্তাদের প্রতিনিধিদের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম মজুরিতে কর্মরত কর্মীরা প্রতি মাসে প্রায় ২৪ ইউরো অতিরিক্ত পাবেন। চলমান জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপের মধ্যে এই বেতন বৃদ্ধি ফ্রান্সে কর্মরত নিম্নআয়ের মানুষদের কিছুটা আর্থিক স্বস্তি দেবে বলে আশা করছে সরকার।
এদিকে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও শ্রমিক সংগঠনগুলোর মতে, ফ্রান্সে ক্রমাগত বাড়তে থাকা বাসাভাড়া, খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ব্যয়ের তুলনায় এই বেতন বৃদ্ধি অত্যন্ত সামান্য। কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা রক্ষা করতে আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিশ্লেষকদের মতে, সরকারের এই পদক্ষেপে ফ্রান্সে ন্যূনতম মজুরিতে কর্মরত লাখ লাখ সাধারণ কর্মী উপকৃত হবেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রার খরচে কিছুটা ভারসাম্য আসবে।