“টাকা দিয়ে মরণের টিকিট কিনেছি” এবং “সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান”—সামনে সারি করে রাখা আটটি পিস্তল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন হুমকি দিয়ে ২১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশকারী মো. হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে চট্টগ্রাম জেলা পুলিশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আগ্নেয়াস্ত্রের ছবি, ভিডিও ও হুমকিমূলক অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো তার নিজের নয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কাপড়ের ওপর সারি করে সাজানো আটটি পিস্তলের সামনে থেকে এক ব্যক্তি ক্যামেরার সামনে বলছেন, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও হুমকির বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিডিওটি পুলিশের নজরে আসার পর অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, অস্ত্রের উৎস ও তার অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নোয়াখালীর কবিরহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হৃদয় চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার বাদশা মিয়ার ছেলে। তিনি দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর সদস্য মামুনের সহযোগী হিসেবে পরিচিত।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে হৃদয় পুলিশকে জানান, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর র্যাবের অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ ওই ব্যক্তি গ্রেপ্তার হন। পরবর্তীতে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও ওই অস্ত্রভাণ্ডারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়।
হৃদয় আরও জানান, বিভিন্ন সময়ে মুঠোফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করতেন তিনি। পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করে রাখতেন। পরে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি দেখানো, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি করতেন। অর্থাৎ, সরাসরি অস্ত্র ব্যবহার না করলেও অস্ত্রের ছবি ও ভিডিওকে আতঙ্ক সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও গণমাধ্যম) মো. রাসেল জানান, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, অস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চট্টগ্রামের রাউজানে অপরাধপ্রবণ গোষ্ঠীগুলোর তৎপরতা ও সহিংসতা বৃদ্ধি পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ওই সময় থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ২০টিই রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে। এছাড়া শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।