রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা মামলা হলে ধর্ষণ মামলা ছাড়া হত্যাসহ অন্য সব ধরনের মামলাই প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য মো. কেরামত আলী ও জয়নাল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদে আইনমন্ত্রী জানান, ১০ আগস্টের পর জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট অধিকাংশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং অভিযোগপত্র হওয়া যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত মোট ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হওয়া মামলাগুলোর বিষয়ে ভুক্তভোগীরা নির্ধারিত ফরমে আবেদন করলে যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো অবস্থাতেই ধর্ষণ মামলা প্রত্যাহারের আওতায় আসবে না।

বিচারক সংকট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে ৩৯৪টি বিচারকের পদ শূন্য রয়েছে, যা পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে আসা রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন প্রসঙ্গে তিনি জানান, ছাত্রশিবিরের আবেদনগুলো সঠিক ফরমে থাকায় প্রত্যাহার করা হয়েছে, তবে জামায়াতে ইসলামীর কিছু আবেদন নির্ধারিত ফরমে না থাকায় তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।