রাষ্ট্রীয় তহবিল ‘১এমডিবি’ কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে নিজ বাড়িতে গৃহবন্দী হিসেবে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন কুয়ালালামপুর হাইকোর্ট। আগের আদেশের ওপর অ্যাটর্নি জেনারেলের তোলা আপত্তি খারিজ করে
মঙ্গলবার (১০ নভেম্বর) আদালত এই নতুন নির্দেশ দেন।
গত সেপ্টেম্বরে আদালতের এক আদেশে ১ কোটি ২০ লাখ ডলার জরিমানা পরিশোধ সাপেক্ষে ৭৩ বছর বয়সী নাজিব রাজাককে শর্তসাপেক্ষে গৃহবন্দী থাকার সুবিধা দেওয়া হয়। তার রাজনৈতিক দল ইউএমএনও জরিমানার অর্থ পরিশোধ করলেও আইনি জটিলতার অজুহাতে অ্যাটর্নি জেনারেল তাকে স্থানান্তরে বাধা সৃষ্টি করেন। পরে কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক আসলাম জয়নুদ্দিন উভয় পক্ষের সঙ্গে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেলের আপত্তি খারিজ করেন এবং রাজকীয় ক্ষমার আদেশ মেনে কমিয়ে আনা ৬ বছরের বাকি সাজা গৃহবন্দী হিসেবেই পালনের নির্দেশ দেন।
নাজিবের প্রধান আইনজীবী শফি আবদুল্লাহ জানান, মঙ্গলবার শেষ বিকেলেই নাজিব রাজাককে নিজ বাড়িতে স্থানান্তরিত করার কথা রয়েছে। ২০০৯ সালে গঠিত ১এমডিবি তহবিল থেকে অর্থ আত্মসাতের দায়ে ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে রাজকীয় ক্ষমা বোর্ডের আদেশে কমিয়ে অর্ধেক করা হয়।