জ্বালানি তেল পরিমাপে কারচুপির অপরাধে রাজধানীর কাফরুলে অবস্থিত ‘মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশন’কে ৫ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটির ৩টি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিএসটিআই-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে কাফরুলের বেগম রোকেয়া সরণি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানকালে পেট্রোল পাম্পটির ৩টি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

অকটেন ও ডিজেল পরিমাপে এই ধরনের মারাত্মক প্রতারণার দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনিয়মে জড়িত ৩টি ডিসপেন্সিং ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে বিএসটিআই-এর পরিদর্শক দল ও ডিএমপি পুলিশ সদস্যরা সহায়তা করেন। বিএসটিআই জানিয়েছে, ভোক্তা স্বার্থ রক্ষায় জ্বালানি খাতের এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।