জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ। পরবর্তীতে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।

এর আগে একই দিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুলে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে বিকেল ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের সংযোগ ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

সফরসূচি অনুযায়ী, বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি সম্মেলনের ফাঁকে কয়েক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন তিনি।