প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে বিদেশ থেকে আনা একটি কনটেইনারে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প আটক করেছে কাস্টমস ও রাজস্ব গোয়েন্দারা।

রোববার (৮ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের যৌথ অভিযানে এই জালিয়াতির ঘটনা উদঘাটিত হয়। মিথ্যা ঘোষণা দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন এবং প্রসাধনী আমদানির মাধ্যমে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের তথ্য অনুযায়ী, ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর ৩সি০০৪এ ঠিকানায় অবস্থিত ‘চায়না মার্ট’ নামের একটি প্রতিষ্ঠান এই চালানটি আমদানি করেছিল। গত ৯ আগস্ট চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা যৌথভাবে কন্টেইনারটি বিস্তারিত পরীক্ষা করেন। আমদানির ঘোষণায় পণ্যের বিবরণে ‘প্রিন্টিং মেশিন’ উল্লেখ করা হলেও বাস্তবে কন্টেইনারের ভেতরে কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। এর পরিবর্তে সেখানে পাওয়া যায় বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী এবং সিগারেটের জাল স্ট্যাম্প।

উদ্ধারকৃত জাল স্ট্যাম্পের বিষয়ে এনবিআর জানায়, কন্টেইনার থেকে ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে, যা নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে ২০ শলাকার নিম্নস্তরের একটি সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা এবং এর বিপরীতে সরকার ১০৬ টাকা ৬০ পয়সা রাজস্ব পেয়ে থাকে। সেই হিসাব অনুযায়ী, উদ্ধার করা এই বিশাল পরিমাণ জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদ ও বাজারজাত করা হলে সরকারের আনুমানিক ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো।

এর পাশাপাশি চালানে আসা প্রসাধনী সামগ্রী আমদানিতেও শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে। প্রসাধনী পণ্যের ওপর আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। সব মিলিয়ে এই একক চালানটিতে প্রায় ৪৬ কোটি টাকার বিশাল রাজস্ব ঝুঁকি চিহ্নিত করেছে এনবিআর।

এনবিআরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে রাষ্ট্র বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়, যা দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থা এবং বৈধ বাণিজ্যিক পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আমদানি-রপ্তানি বাণিজ্যে অনিয়ম, মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক-কর ফাঁকি এবং অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও ঝুঁকিভিত্তিক কার্যক্রম কঠোরভাবে অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।