নেত্রকোনার কেন্দুয়ায় নিজেদের ফিশারিতে পানির মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তাপস চন্দ্র সরকার (৩৬) নামে এক (মুদী) মনিহারি দোকানির মালিকের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার ৯ নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাপস চন্দ্র সরকার ওই গ্রামের মৃত সুনীল চন্দ্র সরকারের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ির পেছনে নিজেদের ফিশারিতে পানি সরবরাহের জন্য মোটরের বিদ্যুৎ সংযোগ দিতে যান তাপস চন্দ্র সরকার। এ সময় অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা- শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।