জাপানের মধ্যাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পে বিভিন্ন বাড়িঘর ও দোকানের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। তীব্র কম্পনে আতঙ্কে মানুষজন বসতবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হন।
জাপানের আবহাওয়া সংস্থা এই ভূমিকম্পটির মাত্রা ৫.৭ নির্ধারণ করেছে, তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে এর মাত্রা ছিল ৫.৫। ভূকম্পনটির উৎসস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। শিজুওকা ও প্রতিবেশী আইচি প্রিফেকচারসহ হামামাতসু শহর, ঐতিহাসিক রাজধানী কিয়োটো ও নারা, ফুজি পর্বতের সংলগ্ন ইয়ামানাশি এবং গিফু প্রিফেকচারে এই ভূমিকম্পের তীব্র প্রভাব পড়েছে। তবে টোকিও দূরবর্তী হওয়ায় সেখানে কোনো কম্পন অনুভূত হয়নি। মূল ভূকম্পনের পর এলাকাগুলোতে একাধিক আফটারশকও অনুভূত হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, তীব্র কম্পনে দোকানের কাঁচ ভেঙে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বইয়ের দোকানের তাক থেকে বই পড়ে স্তূপ হয়ে গেছে। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে অনেকেই বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।
ভূমিকম্পের পর জরুরি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। বিশেষ করে আগামী দুই-তিন দিনের মধ্যে আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়া কর্মকর্তা আয়াতাকা এবিতা সবাইকে পাহাড় ধস, পাথর পড়া ও বৃষ্টির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আবহাওয়াবিদরা আরও জানান, সম্ভাব্য মেগাকুয়েক বা বড় ধরণের ভূকম্পন অঞ্চল ‘নানকাই ট্রফ প্লেটে’ এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে শিনকানসেন বুলেট ট্রেনের গতি সাময়িকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।
প্রশান্ত মহাসাগরের 'রিং অব ফায়ার' অঞ্চলে অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যেখানে বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৭ শতাংশ সংঘটিত হয়। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাপানিদের সার্বক্ষণিক শুকনো খাবার, পানি ও প্রয়োজনীয় উপকরণ হাতের কাছে রাখার পরামর্শ দিয়ে থাকে দেশটির সরকার।
সূত্র: এপি