দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট নিয়ে ব্যঙ্গাত্মক গান গেয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে এই প্রতিবাদ জানান তিনি।

অনুষ্ঠানে গানের সুরে ও নানা রসাত্মক মন্তব্যে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং অসহনীয় লোডশেডিংয়ের চিত্র তুলে ধরেন আম্মার। সরকারের তীব্র সমালোচনা করে তিনি গানের সুরে বলেন, ‘মন্ত্রীর মুখে বিদ্যুৎ থাকে আর থাকে তারে, ভুতুড়ে বিল দিয়ে লোডশেডিং বাড়ে।’ এছাড়া গানের ফাঁকে বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন যে, তারা বিদ্যুৎ দুই জায়গায় পান; যার একটি থাকে বিদ্যুৎমন্ত্রীর মুখে এবং আরেকটি কারেন্টের তারে।

সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং নিজস্ব আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের নিজস্ব পরিবেশনা উপস্থাপন করে। এর পাশাপাশি অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমার মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।