যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩৮ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ উত্তরপাড়া এবং যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘোপ উত্তরপাড়া এলাকার আলতাফ বিশ্বাসের ছেলে বাবলু হোসেন (৩৫) এবং যশোর শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকার বাবু শেখের ছেলে সুজন শেখ (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ঘোপ উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাবলু হোসেনের দখলে থাকা একটি কক্ষ থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহরিয়ার হোসেন বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।

অন্যদিকে, একই দিন দুপুর আড়াইটার দিকে শহরের কাজীপাড়া কাঁঠালতলা এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওমীদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুজন শেখকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।