গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় অবস্থিত মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় ৯ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে গরম ইলেকট্রিক আয়রন দিয়ে ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুস্তাকিন বিল্লাহকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
ভুক্তভোগী শিশুটির নাম ওসমান গনি নাঈম (৯)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিশুর প্রতি এমন অমানবিক আচরণের অভিযোগে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
জানা যায়, টঙ্গী বাজারের মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মুস্তাকিন বিল্লাহর বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ওসমান গনি নাঈমকে গরম ইলেকট্রিক আয়রন দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এবং আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযুক্ত শিক্ষক মুস্তাকিন বিল্লাহকে গ্রেপ্তার করেছে। টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আদিব তাঁকে গ্রেপ্তার করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, সন্তানকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার আশায় অভিভাবকরা মাদ্রাসায় পাঠান। শিক্ষাপ্রতিষ্ঠান তাঁদের কাছে সন্তানের নিরাপত্তা ও বিশ্বাসের অন্যতম আশ্রয়স্থল। সেখানে একজন শিক্ষকের বিরুদ্ধে শিশুকে গরম ইলেকট্রিক আয়রন দিয়ে নির্যাতনের এমন অভিযোগ অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। শিক্ষার নামে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে কোমলমতি শিশুদের সঙ্গে এমন আচরণের অভিযোগ উঠলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এ ঘটনায় মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে শিক্ষকদের আচরণ পর্যবেক্ষণ, শিশু সুরক্ষাব্যবস্থা জোরদার এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।
শিশুরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায় জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা অর্জন করতে নির্যাতনের শিকার হতে নয়। তাই ওসমান গনি নাঈমের ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও মানসিক সুস্থতা যে নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন।