ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৫ অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীন তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য নিয়োজিত রয়েছেন। তাঁরা স্ট্রাইকিং ও মোবাইল ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে আধুনিক ড্রোন ক্যামেরা পর্যবেক্ষণ এবং বিজিবির ‘কে-৯ ডগ ইউনিট’ কাজে লাগানো হচ্ছে।
২৬ অক্টোবর সোমবার সকালে সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে বিজিবি সদস্যদের।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান ও সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা বা জননিরাপত্তায় বিঘ্ন ঘটায়—এমন সব কর্মকাণ্ড রুখতে বিজিবি সার্বক্ষণিক প্রস্তুত ও সতর্ক রয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বাড়তি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সকল প্রার্থী যাতে সমান সুযোগ পেয়ে নির্বিঘ্নে প্রচার চালাতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।