ডেমরা সেতুর এক্সপ্যানশন জয়েন্টের জরুরি মেরামতকাজের কারণে সেতু সংলগ্ন এলাকায় তীব্র যানজটের আশঙ্কা প্রকাশ করেছে হাইওয়ে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচলের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার (২৮ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ডেমরা সেতুর এই সংস্কারকাজ পরিচালনা করবে নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন তারাবো-ডেমরা সড়কের (আর-২০১) প্রথম কিলোমিটারে অবস্থিত এই সেতুটির কাজ চলাকালে আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হতে পারে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার তারিক লতিফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সাময়িক ভোগান্তি এড়াতে তথ্যটি দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এই কর্মকর্তা।