জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস এবং সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।

দেশের সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন। শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, বাংলাদেশের ৫৫ হাজার বর্গমাইল এলাকা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। দীর্ঘকাল ধরে এখানে সব সম্প্রদায়ের মানুষ নিজেদের রীতি অনুযায়ী নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। তিনি আশা প্রকাশ করেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই উৎসবে তারা পূর্ণ নিরাপত্তার সঙ্গেই তাদের আনন্দ উদ্যাপন করতে পারবেন।

ডা. শফিকুর রহমান অতীত ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সম্পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।