উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬।

সমসাময়িক শিক্ষাঙ্গনের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে মনোযোগী হয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো: নাজমুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: হযরত আলী, যিনি আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং কলেজের সার্বিক উন্নতির চিত্র তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সম্মানিত করেন নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ এবং উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগার গভর্নিং বডির সভাপতি আব্দুস সালাম সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত কুরআন (সহজ কোরআন শিক্ষা)-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং নেশা জামান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সুলতানা।

অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের ফুল ও ভালোবাসায় বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।