কিছুদিন আগেই শুটিং স্পটে গণমাধ্যমকর্মীদের ‘ফাঁকি’ দেওয়া নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যতিক্রমী এক লুক প্রকাশ করে অন্তর্জালে ঝড় তুললেন এই অভিনেত্রী। একটি লিফটে তোলা ছবিতে তাকে কালো রঙের ডিপ ভি-নেক বডিস্যুট, ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার, কালো শিয়ার টাইটস, ঝলমলে হাই হিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় দেখা গেছে। ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন, ‘এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।’
ফারিয়ার এই সাহসী ও ব্যতিক্রমী রূপ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার এই ফ্যাশন সচেতনতা ও লুকের প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করলেও, অনেকে আবার কটাক্ষ করে নেতিবাচক প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে কোনো সমালোচনাতেই ভ্রূক্ষেপ না করা এই অভিনেত্রীর ছবিগুলোতে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও অনুসারীদের ব্যাপক সাড়া পড়তে দেখা গেছে।
ফারিয়া বর্তমানে ‘লজ্জা’ নামের একটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এম এইচ খোকনের পরিচালনায় কিছুদিন আগে শুরু হওয়া এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আজমেরী হক বাঁধন।