গরম পানি দিয়ে মুখ ধুলে অকাল বার্ধক্য বা বলিরেখা পড়ে— সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবির বিষয়ে চর্মরোগ বিশেষজ্ঞরা ভিন্ন মত প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, খুব গরম পানি সরাসরি বলিরেখা তৈরি করে না, তবে তা ত্বকের সুরক্ষা স্তর এবং প্রাকৃতিক তেল দূর করে দীর্ঘস্থায়ী শুষ্কতা ও জ্বালাপোড়া সৃষ্টি করে।
ফলে ত্বক পানিশূন্য হয়ে সাময়িকভাবে খসখসে দেখায় এবং সূক্ষ্ম রেখাগুলো আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। অন্যদিকে, ঠান্ডা পানি লোমকূপ বন্ধ করে বা বার্ধক্য প্রতিরোধী প্রভাব ফেলে— সামাজিক মাধ্যমের এমন ধারণাও বৈজ্ঞানিকভাবে সত্য নয়।
চর্মরোগ বিশেষজ্ঞরা মুখ পরিষ্কার বা গোসলের ক্ষেত্রে বাষ্পীয় গরম পানির বদলে আরামদায়ক হালকা বা কুসুম গরম (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
কারণ খুব গরম পানিতে অতিরিক্ত সময় ব্যয় করা বা তোয়ালে দিয়ে জোরপূর্বক মুখ ঘষা ত্বকের আর্দ্রতা কমিয়ে সংবেদনশীলতা বাড়ায়। তাই মুখ ধোয়ার পর আলতো চাপ দিয়ে পানি শুকিয়ে ত্বক কিছুটা আর্দ্র থাকা অবস্থাতেই ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেন তারা।