আসন্ন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন 'কপ ৩১'-এ প্লাস্টিকের পরিবেশবান্ধব ও পচনশীল বিকল্প হিসেবে বাংলাদেশের সোনালী আঁশ পাটের বিপুল সম্ভাবনা বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক যৌথ প্রস্তুতি সভায় এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়। আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় ৩১তম বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ ৩১) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ বৈঠকে জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড), এবং পরিবেশবান্ধব সবুজ প্রবৃদ্ধির বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

আন্তর্জাতিক জলবায়ু তহবিলগুলো থেকে পর্যাপ্ত ও স্বচ্ছ অর্থছাড় নিশ্চিত করার পাশাপাশি দেশের বৃত্তাকার অর্থনীতিতে প্রাকৃতিক তন্তু হিসেবে পাটের ভূমিকার ওপর জোর দেন তিনি।

বৈঠকে জানানো হয়, কপ ৩১ সম্মেলনে পাটজাত পণ্য, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং এর বাণিজ্যিক সম্ভাবনা আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শন করতে একটি বিশেষ প্যাভিলিয়ন স্থাপন করা হবে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজসহ শীর্ষ প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা বৈঠকে সম্মেলনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে নিজ নিজ মতামত উপস্থাপন করেন।