শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরীর ২৯৪টি পূজামণ্ডপ ও হরিজন সম্প্রদায়ের জন্য মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপগুলোর নেতাদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম সবার শহর এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা চসিকের দায়িত্ব। মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের আবেদনের প্রেক্ষিতে ২৯৪টি পূজামণ্ডপের জেনারেটর জ্বালানি বাবদ ১৪ লাখ ৭০ হাজার টাকা, জে এম সেন হল মণ্ডপে ৫ লাখ টাকা, কুসুমকুমারী মণ্ডপে ১৫ লাখ টাকা এবং হরিজন সম্প্রদায়ের চারটি কলোনিতে ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।

ডা. শাহাদাত চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী হিসেবে উল্লেখ করে নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর 'সেফ সিটি' গড়ে তুলতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা আহ্বান জানান। অনুষ্ঠানে মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের শীর্ষ নেতাসহ বিভিন্ন থানার পূজা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।