চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণের দায়ে সাতজন যাত্রীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা থেকে আসা ‘৭০৪ ডাউন মহানগর প্রভাতী’ ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে তাদের ছাদ থেকে আটক করা হয়। আরএনবি কমান্ড্যান্ট মো. মোরশেদ আলমের নির্দেশনায় এবং সিআই আরএনবি মো. এয়াসিন উল্লাহর নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
আটকের পর টিকিট চেকারের (টিসি) মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১ হাজার ২০০ টাকার টিকিট আদায় করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আরএনবি জানায়, আটক ব্যক্তিরা বৈধ টিকিট থাকা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করছিলেন। তাই আইনগত প্রক্রিয়ার পাশাপাশি ভবিষ্যতে এমন ঝুঁকিপূর্ণ আচরণ না করার শর্তে মুচলেকা নিয়ে তাদের প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আরএনবি কমান্ড্যান্ট মো. মোরশেদ আলম জানান, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ট্রেনের ছাদে এ ধরনের ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।