নাটোর রেলওয়ে স্টেশনের প্রতীক্ষালয় থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের মূল্যবান ল্যাপটপটি (ম্যাকবুক) উদ্ধার করে দৃষ্টান্ত স্থাপন করেছে পুলিশ। পরে আইজিপি এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ল্যাপটপটি ওই পর্যটকের হাতে তুলে দেন। এই সফল উদ্ধার অভিযানের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কারে ভূষিত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর পুলিশ সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে পর্যটকের হাতে ল্যাপটপটি হস্তান্তর করেন আইজিপি। এ সময় পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপিবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তিনি স্টেশনের বিশ্রামাগারে অপেক্ষা করছিলেন। এ সময় নিজের ল্যাপটপ ও ক্যামেরা বিশ্রামাগারে রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। কিন্তু ফিরে এসে জিনিসপত্রগুলো আর না পেয়ে তিনি নাটোর সদর থানায় গিয়ে আইনি সহযোগিতা চান।

ল্যাপটপটিতে ওই পর্যটকের বিগত ছয় মাসের গবেষণা ও কার্যক্রমের অতি গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। তার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা পুলিশ, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক টিম উদ্ধার অভিযানে নামে।

টানা অভিযানের পর গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার 'নূর ক্লোথিং স্টোর' থেকে ম্যাকবুকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

নিজের খোয়া যাওয়া ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি ফেরত পেয়ে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। বাংলাদেশ ভ্রমণকালে নিজের ইতিবাচক অভিজ্ঞতার কথাও তিনি তুলে ধরেন।

বিদেশি পর্যটকের দ্রুত আইনি সেবা নিশ্চিতকরণ, চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তা—ওসি মো. মনসুর রহমান ও এসআই মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার প্রদান করেন আইজিপি।

এ সময় আইজিপি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও দায়িত্ববোধের প্রশংসা করে বলেন, “দেশি-বিদেশি সকল নাগরিকের নিরাপত্তা বিধান, পর্যটনবান্ধব পরিবেশ বজায় রাখা এবং জনমুখী সেবা প্রদানে বাংলাদেশ পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।”