সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরপুরির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে দাফন-কাফনের ব্যবস্থা, আহতদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর খিলগাঁওয়ে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে সরকারের জরুরি সহযোগিতা চান খেলাফত আন্দোলনের শীর্ষ নেতারা।

খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হাফেজ্জী হুজুরের খলিফা মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, জমিয়ত নেতা মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতি সুলতান মাহিউদ্দিন ও মাওলানা ইয়ামিন হুসাইন আজমী।

সাক্ষাৎকালে নেতারা নিহত মুফতি নাসরুল্লাহর মরদেহ সরকারি উদ্যোগে দ্রুত দেশে আনার জোর দাবি জানান। একই সঙ্গে এই মর্মান্তিক হামলায় আহত বাংলাদেশিদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করা এবং নিহত ও আহতদের স্বজনদের পাশে দাঁড়াতে পরিবারের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন তারা।

প্রতিনিধি দলের কথা শুনে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার ইতিবাচক আশ্বাস দেন।