ডিজিটাল পেমেন্ট সেবার পরিধি বাড়াতে এবং গ্রাহকদের নিরাপদ লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে চুক্তি সই করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও সোনালী ব্যাংক পিএলসি। এই চুক্তির আওতায় এমটিবি সোনালী ব্যাংককে ‘কার্ড পেমেন্ট গেটওয়ে সলিউশন’ সেবা প্রদান করবে।
গত মঙ্গলবার ঢাকার মতিঝিলে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।
উভয় ব্যাংকের নীতিনির্ধারকদের মতে, এই যৌথ উদ্যোগটি গ্রাহকদের জন্য সহজ, দ্রত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করবে। পাশাপাশি এটি বাংলাদেশের সার্বিক ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের গতি ত্বরান্বিত করতে বিশেষ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমটিবির পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং চিফ ডিজিটাল অফিসার খালিদ হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলামসহ দুটি প্রতিষ্ঠানেরই উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।