নেপালের দুর্গম অঞ্চলে আকস্মিক বন্যায় আটকে পড়া নয়জন বাংলাদেশি ট্রেকারকে অক্ষত অবস্থায় উদ্ধার করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে আসা হয়েছে।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) কাঠমান্ডুস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস সূত্রে জানা যায়, ওই ট্রেকাররা নেপালের গোর্খা জেলার চুম্নুব্রির জগত এলাকা থেকে মানাসলু বেস ক্যাম্পের দিকে যাচ্ছিলেন। পথে বুধি গণ্ডকী নদীতে হঠাৎ আকস্মিক বন্যা দেখা দিলে তারা আটকা পড়েন। খবর পেয়ে নেপাল সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল দ্রুত অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করে কাঠমান্ডুতে নিয়ে আসে।
সময়মতো পদক্ষেপ গ্রহণ ও বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনায় নেপাল সরকার ও দেশটির নিরাপত্তা বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে দ্রুত সাড়া দেওয়া, মানবিক সহায়তা এবং চমৎকার সমন্বিত প্রচেষ্টার জন্য এ কার্যক্রমে জড়িত সকল পক্ষকে প্রশংসা করা হয়েছে।