আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক এলাকায় অবস্থিত সোনারগাঁও এন-২ র‍্যাম্পের নির্মাণকাজ শেষ করে তা যান চলাচলের জন্য খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক্সপ্রেসওয়েতে আধুনিক ও নির্বিঘ্ন টোল আদায়ের লক্ষ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে অনুষ্ঠিত প্রকল্পের মাসিক অগ্রগতি সভায় তিনি এ দিকনির্দেশনা দেন। এতে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেতু সচিব জানান, প্রধানমন্ত্রী এক্সপ্রেসওয়ে প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সে অনুযায়ী সোনারগাঁও এন-২ র‍্যাম্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার তাগিদ দেন তিনি। এছাড়া প্রকল্পের ইউটিলিটি অপসারণ ও স্থানান্তরের বাকি কাজ দ্রুত মেটাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকে সমন্বয় বাড়াতে বলা হয়েছে।

সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন সোনারগাঁও র‍্যাম্পের নির্মাণকাজে গতি বাড়ানোর নির্দেশ দেন। একই সময়ে বিনিয়োগকারী প্রতিষ্ঠান জানায়, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের প্রয়োজনীয় অর্থসংস্থান নিশ্চিত করতে তাদের কার্যক্রম দ্রুতগতিতে চলছে। এছাড়া সরকারি নীতিমালার আলোকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়।