আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় সচেতনতামূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) ‘ক্লাইমেট প্রজেক্ট’। দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে শিশু-কিশোরদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচিতে শিশু-কিশোরদের মধ্যে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা ও নেতৃত্বের বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলায় স্কুল পর্যায়ে আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও আল ইমরান বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করলে তাদের মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটে। দুর্যোগ মোকাবিলায়ও শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করা জরুরি।” দুর্যোগ মোকাবিলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার এমন উদ্যোগের জন্য তিনি এসডিএস-কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে জাজিরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের এই অংশগ্রহণ, সচেতনতা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও দুর্যোগ সহনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”

এসডিএসের ক্লাইমেট প্রজেক্টের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা (ডিআরআর) মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাইমেট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ক্লাইমেট প্রজেক্ট, এসডিএস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সমন্বিত কর্মসূচিগুলো পালিত হয়।

উল্লেখ্য, ‘চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডিং ইনক্লুসিভ মুভমেন্টস ফর অ্যাডাপটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স’ (ক্লাইমেট) প্রজেক্টটি শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) কর্তৃক বাস্তবায়িত একটি প্রকল্প। জাজিরা উপজেলার জাজিরা, কুন্ডেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়ন এবং নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং শিশু-কিশোর ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। প্রকল্পটি সুইডেনভিত্তিক দাতা সংস্থা 'বার্নফন্ডেন'-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।