পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি ওভারলোড নৌকা উল্টে ১৫ শিশুসহ ১০৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবারের মাঝামাঝি সময়ে জিবুতির পূর্ব উপকূলের গুহেরের কাছে এডেন উপসাগর ও বাব এল মান্দেব প্রণালি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের অভিবাসন সংস্থা রোববার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশে ছেড়ে যাওয়া ওই নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনা থেকে ৮০ জন বেঁচে ফিরতে পেরেছেন, যাদের সবাই ইথিওপিয়ার নাগরিক। তবে এ ঘটনায় এখনও ১১৬ জন নিখোঁজ রয়েছেন।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থল এই বিপজ্জনক জলপথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বহু মানুষ উন্নত জীবনের আশায় বা কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করে আসছেন। আলজাজিরার সূত্র দিয়ে এই তথ্য জানা গেছে।