পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও যোগাযোগের অভাবের অভিযোগ তুলে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন ঢালিউড অভিনেত্রী অধরা খান।
রবিবার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে প্রজেক্টটি থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।
অধরা জানান, সিনেমাটি থেকে তিনি আগেই নিজেকে সরিয়ে নিলেও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় তিনি নীরব ছিলেন। তবে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিতেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, সিনেমাটির অপেক্ষা করতে গিয়ে তার বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতি হয়েছে—এমনকি হলিউডসহ কয়েকটি আন্তর্জাতিক কাজের সুযোগও হাতছাড়া করতে হয়েছে। শুটিং শুরুর মাত্র এক দিন আগে যোগাযোগ করাকে অত্যন্ত হতাশাজনক হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব ছাড়া কাজ করাটা তার ক্যারিয়ারের একটি বড় ‘ভুল’ ছিল।
উল্লেখ্য, চলতি বছরের আগস্টের শেষ দিকে কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমায় অধরা খানের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছিল।