পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই (PTI) শাসিত খাইবার পাখতুনখাওয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের পর প্রদেশটিতে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন বেসামরিক প্রশাসন ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় সেনাবাহিনী মাঠে থাকবে এবং যতদিন জরুরি অবস্থা চলবে, ততদিন সেনা মোতায়েন বলবৎ থাকবে। বর্তমান রাজনৈতিক উত্তেজনা, সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগ এবং পিটিআইয়ের লংমার্চকে কেন্দ্র করে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া প্রদেশটির সদ্য সাবেক মুখ্যমন্ত্রী সোয়াইব আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে।

কারাবন্দি ইমরান খানকে মুক্ত করার দাবিতে গত ৫ আগস্ট থেকে পিটিআইয়ের লংমার্চ শুরু হয়, যার কর্মীরা খাইবার পাখতুনখাওয়াতেই অবস্থান করছিল। তাদের ইসলামাবাদ অভিমুখে প্রবেশ ঠেকাতে রাজধানীজুড়ে রেড অ্যালার্ট ও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে গভর্নর ফয়সাল করিম কুন্দি সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে মোতায়েনকৃত সেনাসদস্যদের সংখ্যা নির্ধারণ করবেন। উদ্ভূত পরিস্থিতিতে গভর্নরের বাসভবনের চারপাশে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রদেশের প্রধান সড়কগুলো বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।