উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে ফিটনেস নিয়ে দারুণ স্বস্তির খবর পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। আন্তর্জাতিক বিরতির ক্লান্তি কাটাতে বর্ধিত ছুটি শেষে ক্লাবের অনুশীলন ঘাঁটিতে ফিরেছেন দলের দুই অন্যতম প্রভাবশালী ও নিয়মিত একাদশের ফুটবলার উসমান দেম্বেলে ও নুনো মেন্দেস।

লেকিপ-এর প্রতিবেদন অনুযায়ী, কোচ লুইস এনরিকের তত্ত্বাবধানে মেডিকেল স্টাফদের বিশেষ পরিকল্পনা অনুযায়ী শনি ও রবিবার অনুশীলনে ফেরেন এই আক্রমণাত্মক ও রক্ষণাত্মক দুই তারকা।

ফলে বুধবারের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে পিএসজি। তবে স্কোয়াডে স্বস্তি ফিরলেও পিএসজির মেডিকেল রুম পুরোপুরি খালি হয়নি; ফ্রান্সের যুব দলের হয়ে খেলার সময় পেশীর চোটে পড়ায় ম্যানচেস্টার সফরে পাওয়া যাবে না তরুণ মিডফিল্ডার সেনি মায়ুলুকে।