রাজবাড়ীর পাংশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আরাফাত ওই গ্রামের মৃত নবাব আলীর ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে এক অভিযানে আরাফাতের বসতঘর তল্লাশি করে কালো একটি ব্যাগের ভেতর থেকে 'মেড ইন পাকিস্তান' লেখা কাঠের হাতলযুক্ত রিভলবারটি উদ্ধার করা হয়। একই সঙ্গে ৮ রাউন্ড গুলি ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আটক কালা মানিকের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন।