পোশাককেন্দ্রিক সামাজিক ট্যাবু ও শ্রেণিবৈষম্য ভেঙে বাঙালির লোকজ পোশাক লুঙ্গিকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘লুঙ্গি প্যারেড’।

‘সংস্কৃতির সমতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১১ অক্টোবর) দুপুরে ইংরেজি বিভাগের ‘লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু লিটারেচার’ কোর্সের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত কাম একাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে প্যারেডটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী লুঙ্গি, শাড়ি, ফতুয়া ও গামছা পরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপউপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, পোশাক নয়, মানবিকতা ও শৃঙ্খলা দিয়েই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয়; পোশাক কেবল সংস্কৃতির পরিচয় বহন করে। ইংরেজি বিভাগের এই উদ্ভাবনী আয়োজনের প্রশংসা করে তিনি ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।