ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণ ও দিনক্ষণ চূড়ান্ত করতে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বপূর্ণ সভা শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

আজকের কমিশন সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় ধাপে বা স্লটে অনুষ্ঠিত হবে এবং ভোটের তারিখ কবে কবে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। তবে নির্বাচন কমিশন থেকে সরাসরি মূল তফসিল ঘোষণা করা হবে না; কমিশন শুধু নির্বাচনের স্লট বা পর্যায়গুলো নির্ধারণ করে দেবে এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা সে অনুযায়ী তফসিল ঘোষণা করবেন।

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ ছাড়াও সভায় স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন নিয়ে আলোচনা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।