নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর মৌজায় জমি নিয়ে বিরোধের জেরে আমবাগানের গাছের ডালপালা ও বাঁশবাগানের ১০টি বাঁশ কেটে ফেলার অভিযোগ উঠেছে পিন্টু মন্ডলসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন (৬৫) গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন পৈতৃক সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখলে রয়েছেন। ওই জমি জবর দখল চেষ্টায় স্থানীয় কয়েকজন ষড়যন্ত্রে লিপ্ত হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে পিন্টু মন্ডল (২২) তোফাজ্জল হোসেনের আমবাগানে গিয়ে আমগাছের ডালপালা কেটে ফেলেন। এ সময় বাগানের পাশে বসবাসরত তাঁর ভগ্নিপতি আব্বাস আলী ও বোন ফেলিজান বেগম বাধা দিলে তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়।

এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পিন্টু মন্ডলসহ অন্য অভিযুক্তরা ধারালো দা, হাসুয়া ও কুঠার নিয়ে তাঁর বাঁশবাগানে প্রবেশ করে বাঁশ কাটতে থাকেন বলে অভিযোগে বলা হয়েছে। খবর পেয়ে তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে ১০টি বাঁশ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে গালিগালাজসহ খুন-জখমের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় পিন্টু মন্ডলসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। অভিযোগে ঘটনার সাক্ষী হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পিন্টু মন্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাঁশ ও গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, "আমরা উল্লেখিত বাগানে কিছু বাঁশ কর্তন করেছি।"

ভুক্তভোগী তোফাজ্জল হোসেন অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্য সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।