যশোরের চৌগাছায় সড়ক পরিবহন আইন ২০১৮ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচজনকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থদণ্ডের পাশাপাশি অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহন চলাচলে আইন মেনে চলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা ও আইন প্রয়োগের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রথমে ইমদাদুল ইসলাম (পিতা নজরুল ইসলাম), সাং- আন্দারকোটা, চৌগাছা, যশোরকে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দ্বিতীয় ব্যক্তি হুমায়ুন কবির (৩০), পিতা ইউসুফ আলী, সাং- বহিলাপোতা, স্বরূপদাহ, চৌগাছা, যশোরকে একই আইনের ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এছাড়া শাহজাহান আলী (৪০), পিতা আব্দুল খালেক, ঠিকানা যশোরকে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অন্যদিকে সাব্বির রহমান (১৯), পিতা বিপুল হাসান, সাং- পাতিবিলা, চৌগাছা, যশোরকে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
একই অভিযানে জিহাদ হাসান, পিতা আনোয়ার হোসেন, সাং- কারিগরপাড়া, চৌগাছা, যশোরকে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ অভিযানে পাঁচজনকে সর্বমোট ৪ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন চৌগাছা থানার এসআই মুখলেসুর রহমান।
সড়ক পরিবহন আইন ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।