যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ, রুপা ও অন্যান্য মালামালসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে যশোর-নড়াইল মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

অভিযানে উদ্ধার করা ১৫টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার, চারটি মোবাইল ফোন, দুটি হাতঘড়ি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের সিজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ পাচার রোধ ও পাচারকারীদের আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণসহ তিন পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।