বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে মোসা. আসমা বেগম (৩৫) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ সংলগ্ন বামনা-পাথরঘাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক টমটমের চালক মো. জাহিদকে আটক করেছে পুলিশ।

নিহত আসমা বেগম বামনা উপজেলার গুদিঘাটা এলাকার বাসিন্দা মো. মন্নান মিয়ার মেয়ে এবং ডৌয়াতলা এলাকার গাজী প্রিক্যাডেট স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষক আসমা বেগম তার ছোট মেয়েকে কোলে নিয়ে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ সংলগ্ন বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ইট-বালুবাহী টমটম তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মেয়েকে নিয়ে সড়কে ছিটকে পড়েন। পরবর্তীতে নিজের মেয়েকে রক্ষা করতে গিয়ে টমটমের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন এবং চালক জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আটককৃত টমটম চালককে হেফাজতে নেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়ের করা হবে।