আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে ভারতে পলাতক আসামিসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৫ ব্যাটালিয়ন।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সীমান্তে যেকোনো সন্দেহজনক গতিবিধি নজরদারিতে আনতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা এবং থার্মাল ড্রোনের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে এই টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ আরও জানান, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিরা যেন অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সেজন্য প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পরিদর্শনকালে বিজিবি অধিনায়ক সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।