চট্টগ্রামের মিরসরাইয়ে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাখি পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরসরাইয়ের খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
পুলিশ জানায়, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে টিয়াপাখিগুলো দেশে আনা হয়েছিল। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, দক্ষিণ সোনাপাহাড়ের ওমেরা এলপিজির সামনে অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।