ভারতের আসাম রাজ্যের কাজীরাঙ্গায় একটি কনটেইনার ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) কাজীরাঙ্গার রঙ্গাজান এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মিনিবাস রঙ্গাজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার ট্রাকের সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি একেবারে দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া বাসটি কেটে হতাহতদের উদ্ধার কাজ শুরু করেন।
দুর্ঘটনার বিষয়ে স্থানীয় গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্নীল দেকা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানান, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে এবং বাসের ভেতর থেকে মরদেহগুলো বের করা হচ্ছে।
চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, "বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। পার্ক সংলগ্ন এলাকার নির্ধারিত গতিসীমা চালক অমান্য করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কনটেইনার ট্রাকটির সঙ্গে বাসের সংঘর্ষ হয়।"
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা বেশ সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সূত্র: এনডিটিভি