যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে খুব শিগগিরই আধুনিক কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এর ফলে যশোরসহ আশপাশের জেলার কিডনি রোগীদের সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা পাওয়ার নতুন সুযোগ তৈরি হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুঃস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, যশোর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যে এ ইউনিট চালুর পরিকল্পনা রয়েছে। করোনারি কেয়ার ইউনিট চালুর পরপরই সাধারণ মানুষ যাতে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে যশোর সদর উপজেলার ২০০টি দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
সার বিতরণ ব্যবস্থাপনা প্রসঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সার বিতরণ নিশ্চিত করতে সার-বীজ মনিটরিং কমিটি ঢেলে সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এ ক্ষেত্রে কোনো ডিলারের রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন এবং কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, তা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। সরকারি ভাতা কিংবা সহায়তা পাওয়ার জন্য কাউকে অর্থ লেনদেন করতে হবে না। কেউ অর্থ দাবি করলে বা গ্রহণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের কাছে সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা সবাই জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য।
যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ রায়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।