গানের জনপ্রিয়তা নির্ধারণে বিলবোর্ড চার্টে আবারও যুক্ত হতে যাচ্ছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং তথ্য। দীর্ঘদিনের মতবিরোধের অবসান ঘটিয়ে আগামী ২০২৭ সাল থেকে বিলবোর্ডকে পুনরায় এই ডেটা সরবরাহ করবে ইউটিউব।
গত সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় ইউটিউব এই সিদ্ধান্তের কথা জানায়। মূলত বিলবোর্ডের চার্ট তৈরির হিসাব পদ্ধতিতে পরিবর্তন আনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে বিজ্ঞাপন দেখে বিনা মূল্যে গান শোনার স্ট্রিমিংকে (অ্যাড-সাপোর্টেড স্ট্রিম) আগের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে।
এর আগে, হিসাব পদ্ধতিতে অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন নিয়ে গান শোনাকে (পেইড স্ট্রিমিং) অতিরিক্ত গুরুত্ব দেওয়া এবং বিনা মূল্যে গান শোনার বিষয়টিকে যথাযথভাবে মূল্যায়ন না করার অভিযোগ তুলে ২০২৫ সালের ডিসেম্বরে বিলবোর্ডকে স্ট্রিমিং ডেটা দেওয়া বন্ধ করে দিয়েছিল ইউটিউব। সে সময় ইউটিউবের গ্লোবাল হেড অব মিউজিক লায়র কোহেন এক ব্লগ পোস্টে বর্তমান শ্রোতাদের শোনার অভ্যাসের সঙ্গে বিলবোর্ডের তৎকালীন পদ্ধতির সামঞ্জস্যহীনতার কথা তুলে ধরেছিলেন।
বিলবোর্ডের পুরোনো নিয়ম অনুযায়ী, ১ হাজার পেইড স্ট্রিমিং ২ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিংয়ের সমান বলে বিবেচিত হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী এই ব্যবধান কমিয়ে আনা হয়েছে। এখন ১ হাজার পেইড স্ট্রিমিংয়ের সমান ধরা হবে ১ হাজার ৫০০ বিজ্ঞাপননির্ভর স্ট্রিমিং। ফলে বিনা মূল্যে গান শোনার স্ট্রিমিংও চার্টে শিল্পীদের অবস্থান নির্ধারণে আগের চেয়ে অনেক বেশি প্রভাব রাখবে। যদিও নতুন পদ্ধতিতে পেইড স্ট্রিমিংকে কিছুটা বেশি গুরুত্ব দেওয়া অব্যাহত থাকবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই পরিবর্তনের ফলে স্বতন্ত্র (ইনডিপেন্ডেন্ট) শিল্পী এবং আন্তর্জাতিক শ্রোতাদের কাছে জনপ্রিয় শিল্পীরা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ ইউটিউবে মিউজিক ভিডিও, লাইভ পারফরম্যান্স এবং লিরিক্যাল গানের মাধ্যমে বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা যুক্ত হন, যা এতদিন বিলবোর্ড চার্টে পুরোপুরি প্রতিফলিত হতো না। ইউটিউবের তথ্য যুক্ত হওয়ার মাধ্যমে বিশ্বজুড়ে গান শোনার প্রকৃত চিত্রটি আরও নিখুঁতভাবে ফুটে উঠবে।