দেশের যোগ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়নের (গ্রিন ফাইন্যান্সিং) সুবিধা সম্প্রসারণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং ওয়ানট্রুভ্যালুর (ওটিভি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ট্রুভ্যালু এন্টারপ্রাইজেস ও ওয়ান টু ওয়াচ-এর যৌথ উদ্যোগ হলো এই ওয়ানট্রুভ্যালু।
সম্প্রতি রাজধানীর গুলশানে এমটিবি সেন্টারের করপোরেট হেড অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ এবং ট্রুভ্যালু বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শারাওয়াত ইসলাম। এ সময় এমটিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএমের প্রধান ইফতেখার আজিজসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় গ্রিন ফাইন্যান্সিং, কারিগরি সহায়তা এবং টেকসই প্রভাব পরিমাপের মাধ্যমে পরিবেশবান্ধব ব্যবসায়িক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা হবে। বর্তমানে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় ‘অ্যাক্সেস টু গ্রিন ফাইন্যান্সিং (এ২জিএফ) ফর এন্টারপ্রাইজেস-স্কেল অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ বাস্তবায়ন করছে ওয়ানট্রুভ্যালু। এই উদ্যোগের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এসএমই উদ্যোক্তা বাছাই, কারিগরি সহায়তা এবং প্রভাব পরিমাপ সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করবে। অন্যদিকে, এমটিবি নিজস্ব ক্রেডিট নীতি অনুযায়ী স্বাধীন যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য পরিবেশবান্ধব উদ্যোগসমূহে এসএমই ঋণ বিতরণ করবে।
এই প্রোগ্রামের আওতায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব কৃষি এবং টেকসই পরিবহন খাতের মতো উদ্যোগগুলো অগ্রাধিকার পাবে। এর মাধ্যমে পরিবেশগতভাবে দায়িত্বশীল ব্যবসায়িক সংস্কৃতি উৎসাহিত করার পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাস্টেইনেবল ফাইন্যান্সের ভূমিকা আরও জোরদার হবে বলে আশা করছে প্রতিষ্ঠান দুটি।